যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে জারি করা উড্ডয়ন বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেয়ার পর রাত ৮টা ১৫ মিনিটে আবার আকাশসীমা খুলে দেয়া হয়। অর্থাৎ, প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর দেশটির আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। তিনি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। পুরোনো প্রযুক্তিগত সরঞ্জামের (হার্ডওয়্যার) কারণে এ বিপর্যয় ঘটেছে বলে জানান তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়।
এদিকে এ ঘটনার পেছনে সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটি থাকার সম্ভাবনা নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন।

